সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধ বালি কারবারকে কেন্দ্র করে বিবাদের জেরেই কি প্রাণ গেল বিজেপি কর্মীর? বীরভূমের দুবরাজপুরের পলাশডাঙা গ্রামে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল বছর চল্লিশের রঞ্জিত রুইদাসের। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বালি ঘাটের গাড়ি থেকে টাকা তোলাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। তাঁদের দাবি, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চলা বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই বালি ঘাটের গাড়ি থেকে টাকা তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। একসময় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। সেই বিবাদের পরিণতিতেই রঞ্জিত রুইদাসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা ও বিজেপি নেতৃত্ব। তবে ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর সঙ্গে ওই বিবাদের কোনও যোগ রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।
এদিকে, ২০২৬ সালে রাজনৈতিক পরিবর্তনের পরেও দুবরাজপুরে অবৈধ বালি কারবার নিয়ে প্রশ্নg উঠছে। অভিযোগ, এলাকায় এখনও রমরমিয়ে চলছে বালির অবৈধ কারবার। একসময় বালি পাচার ও অবৈধ কারবারের বিরুদ্ধে সরব হওয়া বিজেপির বিরুদ্ধেই এবার অভিযোগ তুলছেন দলের কর্মী ও নেতৃত্বের একাংশ। বালি কারবারকে কেন্দ্র করে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বালি ঘাটের গাড়ি থেকে টাকা তোলাকে কেন্দ্র করে ঠিক কী ঘটেছিল, কারা এই বিবাদের সঙ্গে যুক্ত এবং রঞ্জিত রুইদাসের মৃত্যুর প্রকৃত কারণ কী—এখন সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন এলাকার মানুষ। অবৈধ বালি কারবার ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঘিরে দুবরাজপুরের এই ঘটনায় প্রশাসনের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।
