বিশ্বকে সবুজ করতে গাছ প্রেমী মানুষদের গাছের আদান প্রদান

দীপক কুমার দাসঃ

জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ, প্রকৃতি হয়ে উঠেছে রুক্ষ। প্রকৃতির সবুজ রঙ বিবর্ণ হতে বসেছে। এমন সময়ে রবিবার বিকেলে সিউড়ির প্রায় শতাধিক গাছপ্রেমী বিভিন্ন বয়সের মানুষ মিলিত হলেন সিউড়ির মৌমাছি কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে। প্রকৃতিকে সবুজ করার লক্ষ্যে নিজেদের মধ্যে আদান প্রদান করলেন প্রায় পাঁচ শতাধিক গাছ। সেই গাছের মধ্যে ছিল বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ভেষজ উদ্ভিদ থেকে বাহারী উদ্ভিদ। শতাধিক গাছপ্রেমী মানুষের মধ্যে সিংহভাগ ছিলেন বিভিন্ন বয়সের মহিলা। রবিবার বিকাল পাঁচটায় মৌমাছি মন্দির প্রাঙ্গণে জমায়েত হন। করোণা কালে যখন লকডাউনে গৃহবন্দী সবাই তখন সিউড়ির গাছপ্রেমীরা সোস্যাল মিডিয়ায় সিউড়ি বাগানবাসী নামে একটি Group তৈরি করেন। সিউড়ির বাগান প্রেমীরা এই Group-এর মাধ্যমে বিভিন্ন গাছের পরিচর্যা, রোগ প্রতিকার থেকে তার খুঁটিনাটি জানতে পারেন। আর Group Meet-এর মাধ্যমে নিজেদের মধ্যে বিনামূল্যে গাছ আদান প্রদান করেন। এই Group-এর Admin রিমা তালুকদার বলেন, সিউড়িতে আমরা চেয়েছিলাম সবুজকে ছড়িয়ে দিতে। সিউড়িতে সবুজ পাগল মানুষ অনেকেই আছেন। তারা আজ একজায়গায় মিলিত হয়ে গাছ আদান প্রদান করলেন। এতে গাছের বংশবিস্তার হচ্ছে, বিভিন্ন প্রজাতির গাছ আরো বেশি করে গাছ প্রেমীরা লাগাচ্ছেন। এতে পরিবেশ আরো সবুজ হচ্ছে। আমরা চাই এই সবুজ শুধু সিউড়ি নয়, সারা বীরভূম জুড়ে ছড়িয়ে পড়ুক। এখানে এসেছিলেন সিউড়ি কালিগতি নারী শিক্ষা নিকেতনের শিক্ষিকা শ্রাবণী মন্ডল। তিনি বলেন, কোভিডের সময় এই Group তৈরি করা হয়। আজ তিন নম্বর Group Meet হলো। মহিলারাই বেশি গাছ লাগান। যখন অবসর সময় পাওয়া যায় তখন গাছ লাগানো হয়। আর গাছ আদান প্রদানের মাধ্যমে বাড়িতে বাড়িতে কত যে গাছ লাগানো হচ্ছে তা এই Group দেখলেই বোঝা যায়। এই Group-এর অন্যতম সদস্য মহঃ ইয়াসিন প্রায় একশোর উপর গাছের চারা নিয়ে এসেছিলেন। তিনি বলেন, আমরা ফেসবুক থেকে বাগান সম্পর্কিত এই Group-এ যুক্ত হয়েছি। এই Group-এর সদস্যদের গাছ কিনতে হচ্ছে না। যাদের বাড়িতে গাছ ছিল না, তারাও নতুন বাগানী হয়ে গাছ লাগাচ্ছেন। তাদের গাছ লাগাতে উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের গাছের পরিচর্যা থেকে বিভিন্ন বিষয়ে গাইড করা হচ্ছে। পরিশেষে এদিন গাছ আদান প্রদান করে সকলে পরিবেশ রক্ষার শপথ নেন। পরিবেশকে সবুজ করার লক্ষ্যে সকলে আরো উদ্যোগী হবেন বলে গাছপ্রেমীরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *