দু কান কাটা শ্রমিক ফিরল বীরভূমের নলহাটিতে

শম্ভুনাথ সেনঃ

“দুকান কাটা” একটি বাংলা বাগধারা। যার অর্থ হলো বেহায়া বা নির্লজ্জ। কিন্তু মজুরীর পাওনা টাকা চেয়ে না পেয়ে থানায় অভিযোগ জানানোর অপরাধে শ্রমিকের দুকান কেটে নেওয়া সত্যিই এটি বিরল সংবাদ। শ্রমিকের অভিযোগ জানানোর অপরাধে সত্যি সত্যিই এবার মুম্বাইয়ে বাংলার এক শ্রমিকের দুই কান কেটে দেওয়ার মারাত্বক অভিযোগ উঠল মুম্বাইয়ের এক ঠিকাদার সংস্থার ‘শেঠ’ এর বিরুদ্ধে। আক্রান্ত শ্রমিকের বাড়ি বীরভূমের নলহাটিতে।
জানা গিয়েছে মাস ৫-৬ আগে মুম্বাইয়ের মালাট এলাকায় একটি বেসরকারী ঠিকাদার সংস্থায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বীরভূমের নলহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজাপুকুর পাড়ার বাসিন্দা রাহুল সিং। তার অভিযোগ বাড়ি ফিরতে চেয়ে ঠিকাদারের কাছে তার মজুরীর পাওনা ২০ হাজার টাকা চেয়েছিলেন। সেই পাওনা টাকা না মেলায় স্থানীয় থানায় ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। অভিযোগ জানানোর অপরাধে ঠিকাদারের তিন – চারজন লোক তার দুই কান কেটে দেয়। যন্ত্রণায় সেখান থেকে কোনরকমে তিনি পালিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান। কিন্তু তার কেটে দেওয়া কান দুটি জোড়া লাগানো সম্ভব হয়নি। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা করানোর পর তিনি তার বীরভূমের নলহাটির বাড়িতে ফিরে আসেন। এমন খবর ছড়িয়ে পড়তে সারা নলহাটি জুড়ে ধিক্কার জানানো হয়। এমন ভিন্ন অপরাধের জন্য প্রতিবাদ জানান স্থানীয় নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *