বীরভূমের দুবরাজপুরে দুদিন নিখোঁজ থাকার পর মা মেয়ের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

দুদিন নিখোঁজ থাকার পর আজ ২৫ ডিসেম্বর সাতসকালে মা ও মেয়ের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। এখানে কলুপাড়ায় মোড়ল পুকুর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদের নাম মালা হাজরা (২৫) এবং তাঁর কন্যা বৃষ্টি হাজরা (৩)। মা ও মেয়ের এরকমভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পরিবারের আত্মীয় সূত্রে খবর গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাঁদের কোনও সন্ধান মেলেনি। এই ঘটনায় দুবরাজপুর থানায় তাঁদের নিখোঁজ সংক্রান্ত ডাইরি করা হয়। আজ ২৫ ডিসেম্বর সকালে স্থানীয় বাসিন্দারা মোড়ল পুকুরের জলে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মালা হাজরার মৃতদেহ উদ্ধার করে। তার ঘন্টাখানেক পরে এলাকার মানুষ পুকুরে জাল নামায়। জালেই উঠে আসে মেয়ে বৃষ্টি হাজরার মৃতদেহ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠায়। কীভাবে মা ও মেয়ে পুকুরের জলে মারা গেল তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, মালার স্বামী বর্তমানে চেন্নাইয়ে কর্মরত। ফলে এই অবস্থায় গৃহবধূ ও শিশুকন্যার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় উঠেছে নানা প্রশ্ন চিহ্ন!এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার ভাস্কর রুজ জানান, গত মঙ্গলবার মালার পরিবারের সদস্যরা তাঁর কাছে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। এরপর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলেও কোনও সূত্র মেলেনি। পরে মালার বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *