
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে ২৩ ডিসেম্বর থেকে আশাকর্মীদের লাগাতার কর্ম বিরতি চলছে। আশা কর্মীদের চাকরিতে স্বীকৃতি সহ মাতৃত্বকালীন ছুটি পাশাপাশি ভাতার পরিমাণ বৃদ্ধি সহ ৮ দফা দাবি নিয়ে আজ ২৬ ডিসেম্বর সারা রাজ্যের সাথে রামপুরহাট ও বীরভূম স্বাস্থ্য জেলার আশা কর্মীরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। অন্তত এক হাজার আশা কর্মী আজ বীরভূমের রামপুরহাট পাঁচমাথা মোড়ে দেড় ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে।পরে সিএমএইচ দপ্তরের সামনে ৪০ মিনিট ধরে তারা বিক্ষোভ দেখায়। নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে জাহিদা খাতুন, আশাপূর্ণা দে, নয়না খাতুন, অশ্রুকণা সাহা, আফরোজা বেগম প্রমুখ আশা কর্মীরা। বীরভূম স্বাস্থ্য জেলায় সদর সিউড়ি বাসস্ট্যান্ডের সামনেও পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন
পশ্চিমবঙ্গ আশা কর্মীরা। এছাড়া জেলার ব্লক স্তরে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে লাগাতার ধরনা দিয়ে চলেছেন স্থানীয় আশা কর্মীরা। আজ হাতে ফেস্টুন এবং ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। তাদের দাবি আশা কর্মীদের ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকেও পাঁচ লক্ষ টাকা প্রদানের দাবীও জানিয়েছেন। অবস্থান বিক্ষোভ শেষে তারা পদযাত্রা করেন।

