পশ্চিম বর্ধমান জেলার মানুষের দাবিতে অজয় নদের উপর সেই অস্থায়ী ফেরিঘাটের রাস্তার কাজ শুরু হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূম-পশ্চিম বর্ধমানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অজয় নদের উপর স্থায়ী সেতু নির্মাণ হয়েছে। সম্প্রতি সেতুর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নামকরণ করেন “জয়দেব সেতু”। তবে জয়দেব মেলার আগে সেই পুরনো অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ, অবরোধ এবং ক্ষোভে ফুঁসছিল পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষজন। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কথা দিয়েছিলেন স্থায়ী সেতুর পাশাপাশি অস্থায়ী সেতুটি তৈরী হবে। এবং সেচ দপ্তর ও কাঁকসা ভিডিও সৌরভ গুপ্তা অস্থায়ী ফেরিঘাটে রাস্তাটি পর্যবেক্ষণও করেন।

শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে সেই অস্থায়ী সেতু অর্থাৎ ফেরিঘাটের রাস্তার কাজ আজ ৩১ ডিসেম্বর শুরু হয়। উল্লেখ্য, বিদ বিহারের নবগ্রাম থেকে জয়দেব মেলায় যাওয়ার জন্য এই অস্থায়ী সেতুটি আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু না হলে বিদ বিহারের মানুষের রুজি রুটিতেও টান পড়বে বলে এলাকার মানুষজনের দাবি। জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস তিনি সাংবাদিকদের জানান, অস্থায়ী ফেরিঘাটের রাস্তাটি নির্মাণের জন্য বীরভূমের ইলামবাজার ব্লক প্রশাসন এবং জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত কোনো অনুমতি দেয়নি ও নেওয়া হয়নি। কিভাবে অস্থায়ী রাস্তাটা পুনঃনির্মাণ হচ্ছে সেটা জানা নেই।জেসিবির মাধ্যমে আজ এই ফেরিঘাটে রাস্তার কাজ চলছে পুরোদমে। মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন সাধারণ মানুষদের আবেগে যাতে কোন আঘাত না লাগে তারই জন্য এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *