খনি প্রকল্পের কাজ বন্ধ করা সহ আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমের মহম্মদ বাজার ব্লক এলাকায় ডেউচা-পাচামি কয়লা খনি বাস্তবায়িত হলে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে চিহ্নিত হবে। সেই খনিকে প্রতারনার খনি হিসেবে উল্লেখ করে এবং খনির কাজ বন্ধ রাখার দাবিতে সোচ্চার হয়ে ওঠে আদিবাসী সংগঠন। ৩০ জানুয়ারি শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের বীরভূম জেলা কমিটির ডাকে ১০ দফা দাবির প্রেক্ষিতে বীরভূম জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ধামসা মাদল সহ সুসজ্জিত মিছিল জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরবর্তীতে সংগঠনের পাঁচ প্রতিনিধি জেলা শাসকের দপ্তরে গিয়ে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দলীয় সূত্রে জানা যায় তাদের দাবি সমূহের মধ্যে ছিল যথাক্রমে- ডেউচা পাঁচামি প্রতারণার খনি প্রকল্পের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। জল, জমি ও জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদ করা যাবে না। আদিবাসীদের ভুয়ো এস টি সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে। বন্ধ আদিবাসী হোস্টেল গুলি অবিলম্বে চালু করতে হবে। আদিবাসী শিল্পীদেরকে পরিচয় পত্র সহ মাসিক পাঁচ হাজার টাকা ভাতা দিতে হবে। সমস্ত আদিবাসীদের বাড়ি দিতে হবে। ডেওচা পাঁচামিতে পাথর শিল্প বন্ধ করা চলবে না। রামপুরহাটের আদিবাসী নাবালিকা ছাত্রীর বিচার চাই এবং দোষিদের ফাঁসি চাই। আদিবাসীদের পাট্টা প্রাপ্ত জমি গুলি রেকর্ড করতে হবে। মৃত আদিবাসী বর্গাদারদের ওয়ারিসগণের নাম বর্গাদার হিসেবে নথিভুক্ত করতে হবে। উপরোক্ত দাবি সমূহের পরিপ্রেক্ষিতে জেলা শাসকের দপ্তরের সামনে আদিবাসী অধিকার মঞ্চে সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পাশাপাশি আদিবাসীদের সমস্যা জনিত কথা তুলে ধরে বক্তব্য রাখেন আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক পুলিন বাস্কে, জেলা সম্পাদক বিশ্বনাথ কিসকু, রাজ্য কমিটির সদস্য পরেশ হাঁসদা, বিপদ তারন সরেন প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *