বীরভূমের পণ্ডিতপুর গ্রামের সন্ন্যাসীনি অভয়া পুরী প্রয়াত

শম্ভুনাথ সেনঃ

৭১ বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দলোকে চলে গেলেন বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আশ্রিতা সন্ন্যাসীনি অভয়া পুরী। পণ্ডিতপুরের কালীমায়ের মন্দিরে সেবাব্রত, জপ, ধ্যান, পূজা পাঠ নিয়ে তিনি একাকী কাটাতেন। প্রায় তিন দশক আগে বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্ঘপতি স্বামী গৌরানন্দ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করে তিনি সন্ন্যাসিনী হন। বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শ্বাসকষ্টের দরুন তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন ভর্তি থাকার পর হাসপাতাল থেকে ছুটি করিয়ে পশ্চিম বর্ধমানের হিজলগড়া গ্রামে তাঁর এক সহোদরা বোন দয়াময়ী দে সেবা সুশ্রূষার জন্য নিজের বাড়িতে নিয়ে যান। ২০ ফেব্রুয়ারি ১১.৪০ মিনিটে সেখানেই অভয়া পুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে নামে শোকের ছায়া। পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের পণ্ডিতপুর কালীবাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই চন্দন, তুলসীপত্র, ফুল, মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ গ্রামের আত্মীয় পরিজন ও তাঁর শুভানুধ্যায়ীরা। এদিনই সন্ধ্যায় বক্রেশ্বর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানবন্ধু হিসেবে উপস্থিত ছিলেন অভয়া পুরীর গুণ মুগ্ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *