
শম্ভুনাথ সেনঃ
বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষের তত্ত্বাবধানে মোমবাতি হাতে মৌন মিছিলে সামিল শিক্ষাকর্মী, অধ্যাপক-অধ্যাপিকাসহ পড়ুয়ারা৷ ২৩ জুন ঐতিহ্যবাহী উপাসনা গৃহ থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত এই মিছিল হয়৷ “বাংলাদেশে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতিরা৷ তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি বলে উপাচার্য জানিয়েছেন৷ কবিগুরু রবীন্দ্রনাথের বাংলাদেশের সিরাজজগঞ্জে শাহজাদপুরে তাঁর স্মৃতিবিজড়িত পৈত্রিক বাড়িতে ভাঙচুর করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা৷ বেশকিছু মূল্যবান সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমেই তা প্রথম প্রকাশ পায়৷ এই ঘটনায় বিশ্বজুড়ে ওঠে নিন্দার ঝড়৷ নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার। এপার বাংলা পশ্চিমবঙ্গেও তার আঁচ পরে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বিরোধী দলগুলিও প্রতিবাদে সরব৷ এদিন বিশ্বভারতীর ঐতিহ্যবাহী উপাসনা গৃহের সামনে জমায়েত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়৷ পরে মোমবাতি হাতে মৌন মিছিলে পা মেলান উপাচার্য প্রবীর কুমার ঘোষ, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ, বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা,পড়ুয়া সহ আশ্রমিকেরা৷ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত এই মিছিল পরিক্রমা করে ৷

