ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ কর্তৃক রাতভর বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকৃত বালি, কয়লা, গরু সহ গাড়ি ও চালক আটক, জেলার বিভিন্ন প্রান্তে

সেখ রিয়াজুদ্দিনঃ

বুধবার রাতভর বিশেষ নজরদারি চালিয়ে অবৈধ বালি কয়লা গরু সহ গাড়ি ও চালককে আটক করা হয় জেলার বিভিন্ন স্থান থেকে। বিশেষ অভিযান চালানো হয় ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে। প্রথমত, সিউড়ি থানার লম্বোদরপুর-পাইপ লাইনে খোটোঙ্গায় অবৈধ বালি ঘাট থেকে বালি সংগ্রহকারী একটি কলকাতাগামী বালি বোঝাই ডাম্পার ধরা পড়ে। যার চালক ও সহকারী মৌজা এবং পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম উল্লেখ না করে সাঁইথিয়া বালি ঘাট থেকে জারি করা জাল ই-চালান তৈরি করে বালি পাচারের কাজে অগ্রসর হতে দেখা যায়। ডাম্পার সহ চালক ও হেলপারকে সিউড়ি থানার কাছে হস্তান্তর করা হয়।
দ্বিতীয়ত দুবরাজপুর থানার গোহালিয়ারা মোড়ের কাছে ৩ টি সাইকেলের মধ্যে থাকা ৭ কুইন্টাল অবৈধ কয়লা বোঝাই সাইকেলগুলো আটক করা হয়। যদিও সাইকেল আরোহীরা পুলিশের গাড়ি দেখা মাত্রই গা ঢাকা দেয়। বাজেয়াপ্ত কয়লা ভর্তি সাইকেলগুলো স্থানীয় বক্রেশ্বর পুলিশ ফাঁড়িতে পালিয়ে হস্তান্তর করা হয়েছে।
এরপর ঐ পথের মধ্যেই দুবরাজপুর থানার বক্রেশ্বর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চল্লিশ টি মাঝারি আকারের গরু বোঝাই সিউড়ি গামী একটি গরুবাহী গাড়ি আটক করা হয়। চালককে জিজ্ঞাসাবাদ করা হলে গরুর প্রকৃত উৎস বা গন্তব্যস্থল উল্লেখ করতে ব্যর্থ হন। এক্ষেত্রেও পুলিশ দেখা মাত্রই গাড়িতে থাকা ৫/৬ জন সহকারীরা পালিয়ে যান। চালক গরু সম্পর্কে কোনও চালান বা নথিপত্র দেখাতে ব্যর্থ হন। গরুগুলিকে দুটি সমান বাঙ্কার দিয়ে গাড়ির ভেতরে নির্মমভাবে দড়ি দিয়ে শক্ত করে আটক করা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। দুটি বিষয়েই দুবরাজপুর থানার ওসিকে অবহিত করা হয়েছে। গরু বোঝাই গাড়ির চালককে নির্দিষ্ট মামলা শুরু করার নির্দেশ দিয়ে দুবরাজপুর থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। উল্লেখ্য ইতিপূর্বে ও দুবরাজপুর শহর এবং গোয়ালিয়ারা মোড় থেকে গরু বোঝাই গাড়ি, অবৈধ কয়লা আটক করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *