
শম্ভুনাথ সেনঃ
কার্তিক মাসের শুক্ল পক্ষের গোপাষ্টমী তিথিতে সুখ-সমৃদ্ধির দেবী মা জগদ্ধাত্রী রূপে পূজিতা হন। বীরভূমের বহু গ্রামে এই জগদ্ধাত্রী পূজা মহাসমারোহে অনুষ্ঠিত হয়। তন্ত্রক্ষেত্রে তারাপীঠেও মা তারাকে জগদ্ধাত্রী রূপে পূজা করা হয়। ২৯ অক্টোবর বীরভূমের জয়দেব কেন্দুলী অঞ্চলের টিকরবেতা জাগরণী মাতৃ সংঘের পরিচালনায় এবারও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পূজা। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়। মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোঁটা ও পুষ্পস্তক ও উত্তরীয় মধ্য দিয়ে সম্বর্ধনা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রজ্জ্বলিত হয় মাঙ্গলিক প্রদীপ। মঞ্চে উপস্থিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু, জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস সহ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীরা। গৃহস্থ বাড়ির পাশাপাশি আশেপাশের গ্রামের সাধারণ মানুষ এই পূজায় মেতে ওঠে। জগধাত্রী পূজা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই পুজোয় কচিকাঁচা থেকে শুরু করে গ্রামের সকল মানুষজন মেতে ওঠে। এবছর জগদ্ধাত্রী পূজা চতুর্থ বর্ষে পদার্পণ করলো বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অন্যান্য বছরের মত এ বছরও লাইট, প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পূজা মন্ডপ। গ্রামবাসীদের সাহায্য ও সহযোগিতায় এই পুজো এক অন্য মাত্রা নিয়ে আসে। এই পুজোকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। তিন দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

