
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের “স্বপ্ননীড়” পত্রিকার ৩১ বছর পূর্তি ও জয়দেব বার্তা পত্রিকার ১৫ বছর পূর্তি উৎসব একই সঙ্গে অনুষ্ঠিত হলো ২৬ অক্টোবর বীরভূমের বৈষ্ণব তীর্থ জয়দেব কেন্দুলীর সরকারী বাউল মঞ্চে। উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। প্রদীপ প্রজ্জ্বালন এবং শিল্পী অনাথ বন্ধু ঘোষের কন্ঠে গীতগোবিন্দের সুরে উৎসবের সূচনা হয়। পরবর্তীতে স্বাগত ভাষণ দেন সম্পাদক অনাদি বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর দীর্ঘ বক্তব্যে পত্রিকা প্রতিষ্ঠার স্বপ্নকথা তুলে ধরেন। গৌরবময় অতিথিরূপে আসন অলংকৃত করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, স্থানীয় প্রধান বুম্বা রুইদাস, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, স্থানীয় ইলামবাজার বিডিও ড. অনির্বান মজুমদার সহ বিশিষ্ট ব্যাক্তিত্বরা। এছাড়া সম্মানীয় অতিথি রুপে উপস্থিত ছিলেন বীরভূমের বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মণ্ডল, ফটিক চৌধুরী, ছড়াকার অজিত চৌধুরী, অলক দাঁ, দিগম্বরী পত্রিকার সম্পাদক সন্তোষ চক্রবর্তী, কবি শুভ্রা পাণ্ডে সহ জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা। এদিন জয়দেব বার্তা পত্রিকার পঞ্চদশ বর্ষপূর্তি উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করেন মঞ্চের অতিথিবর্গ। অনুষ্ঠানের পক্ষ থেকে জেলার বিশিষ্ট চিত্রশিল্পী তাপস মুখোপাধ্যায়কে স্মারক সম্মাননা জ্ঞাপন করা হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় গল্প কবিতার আসর। উপস্থিত প্রত্যেক কবি সাহিত্যিকদের হাতে “স্বপ্ননীড়” স্মারক প্রদান করা হয়।

