নিখোঁজের ৪৮ ঘণ্টা পর পুকুরে মিলল তিন বছরের শিশুর মৃতদেহ, চাঞ্চল্য বীরভূমের ডাবুক গ্রামে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমে ফের চাঞ্চল্যকর ঘটনা। মাত্র দুই দিন আগে তারাপীঠ থানার এলাকায় আট বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছিল—বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয়েছিল তার দেহ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আর এক শিশুর নিখোঁজ হয়ে যাওয়া ঘিরে উত্তেজনা ছড়ায় মল্লারপুর থানার অন্তর্গত ডাবুক গ্রামে।
স্থানীয় সূত্রে খবর গত মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তিন বছরের এক শিশু, ডাবুক গ্রামের বাসিন্দা সুরমিলা বিবির ছেলে সাহিল খান। পরিবারের পক্ষ থেকে ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজির পরও কোনো হদিশ না মেলায় মল্লারপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। গ্রামের পুকুর, ঝোপঝাড়, ঘাট—কোথাও বাদ যায়নি। বুধবার সকাল থেকে ড্রোন, পুলিশ কুকুর এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হয়। একাধিক পুকুরে জেসিবি নামিয়ে খোঁজ করা হলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
দু’দিনের তল্লাশির পর গতকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে গ্রামসংলগ্ন এক পুকুরে ভেসে ওঠে শিশুটির দেহ। খবর ছড়াতেই গোটা গ্রাম শোকস্তব্ধ। ঘটনাস্থলে পৌঁছে মল্লারপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে এলে বোঝা যাবে এই রহস্যজনক শিশু মৃত্যুর কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *