
শম্ভুনাথ সেনঃ
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এই আশঙ্কা থেকেই আত্মঘাতী হলেন ৯৫ বছরের এক বৃদ্ধ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বীরভূমের ইলামবাজারে। মৃতের নাম ক্ষিতিস মজুমদার (৯৫)। তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কয়েক মাস ধরে মেয়ের বাড়িতে এসে ছিলেন বীরভূমের ইলামবাজারে।
পরিবারের অভিযোগ, সম্প্রতি এলাকায় “SIR আতঙ্ক” ছড়িয়ে পড়েছে— ভোটার তালিকা যাচাইয়ের নামে লোকের বাড়ি বাড়ি গিয়ে নাম খোঁজাখুঁজি করা হচ্ছে। অনেকেই বলছেন, নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে। এই গুজবেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের সদস্যদের কাছে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন, “আমার নাম যদি না থাকে? আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়?” এমন আশঙ্কায় তিনি দিন গুনছিলেন।
গত ২৯ অক্টোবর, বুধবার সকালে ঘরের দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। থানায় খবর দেওয়া হলে ইলামবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়।
বেশ অনেক দিন ধরে বাবা খুবই চিন্তিত ছিলেন। বারবার বলছিলেন, সবাই বলছে নাম না থাকলে বাংলাদেশে পাঠাবে। এই ভয়েই নিজেকে শেষ করে দিলো” বলে তার মেয়ে অভিমত ব্যক্ত করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, “এটি সম্পূর্ণ গুজব। ভোটার তালিকা পর্যালোচনা একটি নিয়মিত প্রক্রিয়া। নাগরিকত্ব নিয়ে কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” যদিও এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।


