
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মল্লারপুর থানার পুলিশের তৎপরতা ও তদন্তের দক্ষতায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ এখন পুলিশের এই সাফল্যে স্বস্তি পাচ্ছেন। একাধিক চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে একের পর এক মোটরবাইক উদ্ধারে নজির গড়েছে মল্লারপুর থানা। সম্প্রতি চুরি যাওয়া তিনটি মোটরবাইকের মধ্যে তিনটিই যথাশীঘ্র উদ্ধার করেছে। উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের বাসিন্দা ভাগ্যধর লেট লিখিতভাবে অভিযোগ জানান যে, ১০ অক্টোবর তাঁর মোটরবাইক চুরি যায়। ওই ঘটনার ভিত্তিতে তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। অন্যদিকে মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা অভিজিৎ দাসও ১৩ অক্টোবর নিজের মোটরবাইক চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন স্থানীয় থানায়।
দুই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সূত্র ধরে চারজন অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে একাধিক অসংগতি ধরা পড়ে। চারজনকেই গ্রেপ্তার করা হয়। পুলিশি জেরায় ধাপে ধাপে উঠে আসে চুরির নেপথ্যের রহস্য। তাদের বয়ানের ভিত্তিতে প্রথমে দুটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। কিন্তু বাকি একটি বাইকের কোনো সন্ধান না মেলায় তদন্ত আরও জোরদার করে পুলিশ। অভিযুক্তদের ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নতুন তথ্য। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাতারাতি তল্লাশি চালিয়ে চুরি যাওয়া তৃতীয় বাইকটিও উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ।
