
শম্ভুনাথ সেনঃ
কৃষিনির্ভর বীরভূম। আর বীরভূমের কৃষি মূলত বৃষ্টি নির্ভর। তবে বেশ অনেক বছর পর এবার ধান চাষে চাষিরা সময় সময়ে বৃষ্টি পেয়েছে। বীরভূম জেলা জুড়ে উপযুক্ত সময়ে এবার ধান চাষ সম্পন্ন হয়। তবে পাকা ধানে মই। চাষির কপালে চিন্তার ভাঁজ। শোষক পোকার আক্রমণে ধান পাকার মুখে ব্যাপক ক্ষতি হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় শোষক পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। এই পোকারা ধানের শিষের ক্ষতি করে। যার ফলে শিষ শুকিয়ে যাচ্ছে। সোনালী ধানের রং হয়ে যাচ্ছে তামাটে। ঠিক যেন আগুনে ঝলসানো ধান। এই ধানের ফলন যেমন অর্ধেক হয়ে যাচ্ছে তেমনি বিক্রি করার ক্ষেত্রেও নানা ঝামেলা। অনেক ক্ষেত্রে, বেশি খরচে কীটনাশক প্রয়োগ করেও সম্পূর্ণ রক্ষা পাওয়া যাচ্ছে না। ফলন কমে যাওয়ার আশঙ্কায় দিন গুনছেন বীরভূমের দুবরাজপুর, খয়রাশোল, ইলামবাজার এমন বিভিন্ন ব্লকের চাষিরা।

খয়রাশোল ব্লকে চাষীদের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা। শোষক প্রকার কারণে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বীমার মাধ্যমে আর্থিক সহযোগিতা পান সেই মর্মে তিনি সংশ্লিষ্ট দপ্তর এবং দুবরাজপুর ও খয়রাশোল ব্লকে বিডিওর কাছে আবেদন জানিয়েছেন বলে কৃষকদের আশ্বস্ত করেন।

