বীরভূমের বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সিনার্জি ২০২৫ বাণিজ্য সম্মেলন

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে বীরভূম ও মুর্শিদাবাদ জেলা নিয়ে গতকাল ৭ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘সিনার্জি ২০২৫, বাণিজ্য সম্মেলন’৷ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও অতিরিক্ত সচিব রাজেশ পাণ্ডে, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং প্রমুখ। উল্লেখ্য, বন্ধ থাকা বীরভূমের আমোদপুর সুগার মিলটি নতুন করে খোলার পরিকল্পনা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। মিলটির জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠবে৷ অন্যদিকে, শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাটটি অন্যত্র সরানোর পরিকল্পনা রয়েছে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের।


এছাড়া, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, ইলামবাজারের খাদি দপ্তরের মাধ্যমে ৫ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ সালে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতে ব্যাঙ্ক থেকে ঋণের পরিমাণ ৮ হাজার ৮৭৮ কোটি টাকা৷ তারমধ্যে বীরভূম জেলায় ৩ হাজার ৮৪৯ কোটি টাকা ও মুর্শিদাবাদ জেলায় ৫ হাজার ২৯ কোটি টাকা৷ এই দুই জেলায় এখনও পর্যন্ত ৪৫ জন কারিগরকে পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তর আর্থিক সুবিধা প্রকল্প থেকে টুল কিট প্রদান করা হয়েছে ৷
প্রায় ১৮ হাজার কারিগরের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। তারমধ্যে বীরভূমে প্রায় ১০ হাজার, মুর্শিদাবাদে ৮ হাজার কারিগর রয়েছে। ৯৩.৩০ লক্ষ টাকা ব্যয়ে কাঁসা-পিতলের ক্লাস্টার ও ১৬৮.৬৫ লক্ষ টাকা ব্যয়ে শান্তিনিকেতনের চর্মশিল্প ক্লাস্টার নির্মাণ কাজ সুসম্পন্ন হয়েছে। এই সম্মেলন থেকে বিনিয়োগকারীদের প্রস্তাব অনুযায়ী বহু কর্মসংস্থানের সুযোগ মিলবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *