বীরভূমের খয়রাশোল “শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে “বন্দে মাতরম” এর ১৫০ বছর পূর্তি উদযাপন

শম্ভুনাথ সেনঃ

১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান এন.সি.সি সিউড়ির উদ্যোগে বীরভূমের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে “বন্দে মাতরম” এর ১৫০ বছর পূর্তি। ১৮৭৫ সালে রচিত সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সেই “বন্দে মাতরম” গান আজও জাগিয়ে রাখে দেশপ্রেমের অমর চেতনা। পরাধীন ভারতে এই সংগীত একসময় উদ্বুদ্ধ করেছিল দেশবাসীকে। ইংরেজ পরাধীনতার শৃংখল ছিন্ন করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনের ভারতবাসী। ভারত সরকারের উদ্যোগে সারা দেশ জুড়ে গত ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে “বন্দে মাতরম” গানের দেড়শ বছর পূর্তি উদযাপন। চলবে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গান ১৮৮২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়। গত ১২ নভেম্বর “বন্দে মাতরম” এর দেড়শ বছর পূর্তি উদযাপিত হয় বীরভূমের খয়রাশোল ব্লকের শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে। বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং তেরঙ্গা জাতীয় পতাকা নিয়ে কলেজ প্রাঙ্গণ পরিক্রমা করে বিদ্যালয়ের পড়ুয়ারা। এক সুরে গাওয়া হয় বন্দে মাতরম গান। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ভাস্বতী ঘোষ, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি এর আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *