বীরভূমের দুবরাজপুর পুরসভা প্রতিষ্ঠার ৫০ বছর: ৭ দিনের “সুবর্ণজয়ন্তী” উৎসবের সূচনা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি রয়েছে সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর নলহাটি এই ছয়টি পুরসভা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দুবরাজপুর পৌরসভা এবছর ৫০ বছরে পদার্পণ করেছে। ১৩ নভেম্বর এই পুরসভার ৫০ বছর পূর্তিতে ৭ দিনের সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হলো। সকালে পড়ুয়াদের ম্যারাথন দৌড় এবং বিকেলে পদযাত্রা দিয়ে এ উৎসবের সূচনা হয়। পরে দুবরাজপুর মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে এই উৎসবের উদ্বোধন করেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। মঞ্চে গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ডঃ প্রলয় নায়েক, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, পুরপ্রধান পীযূষ পাণ্ডে সহ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ কথা পরিবেশন করেন দুবরাজপুর পুরসভার উপপুরপ্রধান মির্জা সৌকত আলী। এদিন ১৬ টি ওয়ার্ডের বিশিষ্ট মানুষজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় পৌরসভার সুবর্ণজয়ন্তী স্মৃতি স্মারক, শাল ও মিষ্টির প্যাকেট। সাত দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সহ যাত্রাপালা, নাটক, ছৌ নাচ ইত্যাদি নানা বিনোদনমূলক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *