৯ বছরের দাম্পত্য জীবন বিচ্ছেদ করে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

শম্ভুনাথ সেনঃ

স্ত্রী পরকীয়ায় জড়িয়ে ছিলেন স্বামীর বন্ধুর সঙ্গে। সেই বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। নয় বছরের দাম্পত্য জীবন, সাত বছরের সন্তান—সব কিছু ফেলে দিয়ে নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন ঐ যুবক বাপি মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা ও পেশায় গাড়ি চালক বাপি মণ্ডলের সঙ্গে বছর নয়েক আগে তারাপীঠে বিয়ে হয় পঞ্চমীর। তাদের একটি সাত বছরের পুত্রও রয়েছে। বাপি কলকাতায় গাড়ি চালান, আর সেই সূত্রে তার শৈশবের বন্ধু জিৎ মিত্রর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার স্ত্রীর। কলকাতায় থাকার সময় জিৎ-এর মাধ্যমে টাকা পয়সা পাঠাতেন বাপি। প্রায়ই ফোনে যোগাযোগ ও বাড়িতে যাতায়াত ছিল জিৎ-এর। সেখান থেকেই শুরু হয় পঞ্চমী ও জিৎ-এর অবৈধ সম্পর্ক। বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। শেষ মেশ পঞ্চমী স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন।
গত ১১ নভেম্বর, মঙ্গলবার পঞ্চমীর বাপের বাড়ি থেকে নিয়ে এসে সাঁইথিয়ার নন্দীকেশরী মন্দিরে বাপি মণ্ডল নিজেই তার স্ত্রী পঞ্চমীর সঙ্গে তার বন্ধু জিৎ মিত্রর বিয়ে দেন। পঞ্চমী পুরোনো সংসার স্বামী ছেলে ফেলে মোটর সাইকেলে চেপে চলে যান নতুন সংসার বাঁধতে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁইথিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *