সর্পদংশন সংক্রান্ত কুসংস্কার ও সচেতনতা বিষয়ক আলোচনা শিবির সাঁইথিয়া শহরে

সেখ রিয়াজুদ্দিনঃ

মাঠে ঘাটে বিভিন্ন ধরনের সাপের উপদ্রব দৈনন্দিন বেড়ে চলেছে। যার ফলে মাঠে ঘাটে বিশেষ করে কৃষি কাজের সঙ্গে যুক্তদের প্রায় সাপের ছোবল খেতে হচ্ছে। এনিয়ে জেলার বিভিন্ন স্থানে কয়েকজন মারা যায় বলে সংবাদে প্রকাশ।এই নিয়ে জেলাজুড়ে এক আতঙ্কের পরিবেশ। সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সাঁইথিয়া থানার ওসি তপাই বিশ্বাসের উদ্যোগে সাঁইথিয়ার রবীন্দ্রভবনে বুধবার সর্পদংশন কুসংস্কার ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বছর সাতেক আগে বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত পেঙ্গা গ্রামে উক্ত বিষয়ক একটা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছিল তদানীন্তন বোলপুর এসডিপিও অম্লান কুসুম ঘোষ স্যারের অনুপ্রেরণায় এবং ওসি তপাই বিশ্বাসের ব্যবস্থাপনায়।সেটার প্রেক্ষিতে হাতেনাতে ফলাফল পাওয়া যায় এলাকায়। সেদিনের মুখ্য আলোচক হিসেবে সকলের মধ্যে দিশা দেখিয়েছিলেন শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। বিশেষ উল্লেখ্য সেই দিনের পর থেকে একজনকেও সর্পদংশনে মরতে হয়নি বলে এলাকাবাসীদের বক্তব্য। তাছাড়া প্রত্যেকেই বাস্তুতন্ত্র সহ খাদ্যশৃংখল এবং পরিবেশ ভারসাম্য বিষয়গুলি অনুধাবন করেছিলেন। সেদিনও ঘটনার মূল সূত্রপাত ছিল কালাচ সাপ অর্থাৎ কমন ক্রেট। যেটিকে সাইলেন্ট কিলার বলেও ডাকা হয়। বর্তমানে সাঁইথিয়া এলাকায় সেই জায়গাটি দখল নিয়েছে চন্দ্রবোড়া অর্থাৎ রাসেল ভাইপার। যদিও সাঁইথিয়া ব্লকে তেমন উপদ্রব চোখে পড়েনি। তবে সাবধানতার মার নেই। বেশ কয়েকদিন সংবাদ শিরোনামে বোলপুর পার্শ্ববর্তী নানুর এবং লাভপুরের বেশ কয়েকটি গ্রামে ধানের জমিতে কীটনাশক দিতে গিয়ে রাসেল ভাইপারের কবলে পড়ার ঘটেছে।এদিন সেমিনারে অন্যান্য ব্যাক্তিবর্গের পাশাপাশি কৃষি কাজের সাথে যুক্ত ব্যাক্তিদের ও যোগদান ছিল উল্লেখযোগ্য। সেদিনের ন্যায় এদিনেও সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। তিনি সুচারুরূপে সর্পদংশন, ইহার চিকিৎসা এবং সর্প দংশন সংক্রান্ত কুসংস্কার ও সচেতনাতার দিকগুলি বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত,বিশিষ্ট সমাজসেবী এবং সাহিত্যপ্রেমী দেবাশীষ সাহা, সিআই সহ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের শেষলগ্নে আলোচ্য বিষয়ের উপর ক্যুইজ পর্ব অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *