
সেখ রিয়াজুদ্দিনঃ
দীর্ঘ প্রায় দেড় বছর আগে রামপুরহাট শহরের মধ্যে ফুটপাত উচ্ছেদ করা হয়। এনিয়ে ফুটপাত ব্যবসায়ীদের লাগাতার প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। যদিও সেই মুহূর্তে রামপুরহাট পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় পুনর্বাসন দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে কথা চলছে বলে তৎকালীন ঘোষণা করা হয় পৌরসভার পক্ষ থেকে। কিন্তু এযাবৎ পুনর্বাসন হয়নি। ফুটপাত ব্যবসায়ীরাও জোড়াতালি দিয়ে অসহায় ভাবে তাদের ব্যবসা জিইয়ে রেখেছে। এদিন বৃহস্পতিবার ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের নেতৃত্বদের নিয়ে পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে একটি মিটিং করলেন রামপুরহাট পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত। সেই সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য প্রায় দেড় বছর আগে রামপুরহাট পাঁচমাথা মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছিল।
ফুটপাত উচ্ছেদ যৌথ মঞ্চের লাগাতার আন্দোলনের ফলে পৌরসভা থেকে আশ্বস্ত করা হয়েছিল- যে যেখানে, যেভাবে ব্যবসা করছিল, সে সেভাবেই এবং সেখানেই ব্যবসা করবে তবে অস্থায়ীভাবে। আজ আঠারো মাস পরে ঠিক একই রকম আশ্বাস দেওয়া হয় ফুটপাত ব্যবসায়ীদের। এবং আশ্বস্ত করা হয় ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা চলছে। যতদিন না পুনর্বাসন হচ্ছে ফুটপাত ব্যবসায়ীরা ততদিন অস্থায়ীভাবে যে যেখানে ব্যবসা করছিলেন সেখানেই করবেন। এই আশ্বাসে খুশী ফুটপাত উচ্ছেদ যৌথ মঞ্চের নেতৃত্বরা।
