কবিগুরুর শান্তিনিকেতনে এবারও পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হবে ৭ই পৌষ

শম্ভুনাথ সেনঃ

আগামী ২৩ ডিসেম্বর, বাংলা ৭ই পৌষ মঙ্গলবার থেকে ঐতিহ্যবাহী পৌষ মেলা শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে শুরু হবে। জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়েই এবার এই “পৌষমেলা” অনুষ্ঠিত হবে। অন্য বারের মতো এবারও “পৌষমেলা” চলবে ৬ দিন।গত ১৩ নভেম্বর শান্তিনিকেতন ট্রাস্টের সঙ্গে বৈঠক করে প্রাথমিক ভাবে এটাই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ী থেকে হস্তশিল্পীরা। স্থানীয় হস্তশিল্পীদের স্টলের পাশাপাশি এবার ভিন রাজ্য থেকেও স্টল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ওড়িশা,আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের সরকারি স্টল আনার জন্য ইতিমধ্যে কর্মপরিষদ যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য প্রবীরকুমার ঘোষের তত্ত্বাবধানে মেলা সংক্রান্ত অভ্যন্তরীণ বৈঠক হয় ৷ তাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার সহ অন্যান্য আধিকারিকরা। এবার স্টলের প্লট বুকিংয়ের ক্ষেত্রে যে কোনও ধরনের দুর্নীতি রুখতে যথেষ্ট কড়াকড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কারণ প্রতি বছর পৌষমেলায় প্লট বুকিংকে কেন্দ্র করে ব্যপক দুর্নীতির অভিযোগ উঠে।বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, “পৌষমেলা হোক এটা সবাই চাই ৷ কিন্তু, পরিবেশ আদালতকে গুরুত্ব দিয়ে, তাদের নির্দেশ মতোই মেলা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লট বুকিংয়ের ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি করা হয়, এবার আরও কড়াকড়ি করা হবে ৷” উল্লেখ্য, গতকাল ১৪ নভেম্বর পৌষ মেলার জন্য বিশ্বভারতীর কর্মী পরিষদ এবং শান্তিনিকেতন ট্রাস্টে সদস্যরা পূর্বপল্লী মাঠ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *