
শম্ভুনাথ সেনঃ
চলে গেলেন বীরভূমের এক স্বনামধন্য ব্যক্তিত্ব মৈত্রী সাধক সরকার। মৃত্যুকালে বয়সে ছিল ৮৭ বছর। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ সরকার। মৈত্রী সাধক বাবু ছিলেন স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন অধিকারিক। ২৯ নভেম্বর সকালে বীরভূমের খয়রাশোলে নিজের বাসভবনে তিনি পরলোকগমন করেন। তবে বেশ কিছুদিন ধরেই তিনি বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তাঁর দাদা অবসরপ্রাপ্ত শিক্ষক সাম্য সাধক সরকার। উল্লেখ্য, মৈত্রী সাধক সরকার গত ২০২১ সালের ২২ নভেম্বর চক্ষু এবং দেহ দান করার অঙ্গীকার করেন। তাই এদিন তাঁর মরদেহ দাহ করা হয়নি। দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃপক্ষ তাঁর চক্ষু দুটি নিয়ে যান। পরবর্তীতে দেহটি দানের জন্য অ্যম্বুলেন্স করে বীরভূমের রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নামে শোকের ছায়া। গ্রামের এবং সংলগ্ন গ্রামের বহু মানুষ মৈত্রী সাধক বাবুকে শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, অকৃতদার এই মানুষটি রেখে গেলেন দাদা, ভাই ভাইপো, ভাইজি সহ বহু আত্মীয় পরিজন।

