
শম্ভুনাথ সেনঃ
বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR এর চক্রান্তের বিরুদ্ধে বীরভূমের সাঁইথিয়া শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর বৈকাল চারটে নাগাদ সাঁইথিয়া ফায়ার ব্রিগেড মাঠ থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। তারপর মিছিল করে সাঁইথিয়া শহর পরিক্রমা করে সাঁইথিয়া চারতলা মোড়ে এসে একটি পথসভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ। এছাড়াও এই প্রতিবাদ মিছিলে পা মেলান সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা, সাঁইথিয়া শহর প্রেসিডেন্ট দেবাশীষ সাহা, পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব।
এদিনের এই প্রতিবাদ সভা থেকে সায়নী ঘোষ বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন SIR হচ্ছে একটি বিজেপির চক্রান্ত। যেসব জনগণের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন SIR এর নামে যদি তাদের নাম সেই সব ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে নরেন্দ্র মোদিকেও প্রধানমন্ত্রী থেকে বাদ দিতে হবে। কারণ সেই সমস্ত ভোটারদের ভোটেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এছাড়াও এই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটি বড় বৃক্ষ, আর শুভেন্দু অধিকারী, সেই গাছেরই একটি ফল মাত্র। সেই ফল গাছের থেকে কখনো বড় হতে পারে না। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায়াতেই বেড়ে উঠেছেন। তার জন্যই শুভেন্দু অধিকারীকে আজ রাজ্যের লোক চেনেন। তা না হলে শুভেন্দু অধিকারী কে সবাই লোডশেডিং বিধায়ক বলে জানত। এই বলে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন।

