
শম্ভুনাথ সেনঃ
আংটি চুরির অপবাদে বীরভূমের তারাপীঠে পুজো দিতে আসা পুণ্যার্থীদের বেধড়ক মার দিল স্থানীয় দোকানদারেরা। ঘটনাটি ঘটে গতকাল ৩০ নভেম্বর মন্দির সংলগ্ন এলাকায়। আংটির দাম মাত্র ২০ টাকা। আর সেই আংটি চুরির অভিযোগ তুলে পূর্ণার্থীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দোকানদারদের বিরুদ্ধে। দোকানদারদের মারের হাত থেকে রেহাই পেল না বিহার থেকে আসা মহিলা পুণ্যার্থীরাও। জানা গেছে লাঠি ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাথা ফেটে রক্তাক্ত হয় এক পূর্ণার্থীর। আর সেই ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দী করে তারাপীঠ ভ্রমণে আসা আর এক পূর্ণার্থী। বিষয়টি জানিয়ে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার পর পলাতক অভিযুক্তরা। উল্লেখ্য, বিহারের কাটিহার থেকে সপরিবারে পুজো দিতে এসেছিলেন আনন্দকুমার শাহ। পুজো দিয়ে ফেরার সময় তারাপীঠের একটি দোকানে ছেলের জন্য কুড়ি টাকা মূল্যের একটি আংটি কিনতে যান। সে সময়ই দোকানদার তাদের বিরুদ্ধে আংটি চুরির অপবাদ দেন। এই নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। অভিযোগ, বাকবিতণ্ডা শুরু হতেই দোকানদার ও তার লোকজন পুণ্যার্থীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। মারের হাত থেকে রেহাই পায়নি মহিলা পুণ্যার্থীরাও। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
