
শম্ভুনাথ সেনঃ
টোটোর বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ঘিরে জটিলতা ক্রমশ বাড়ছে। পরিবহণ দপ্তরের উদ্যোগে গত মাসের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলেও নলহাটি-সহ বীরভূমের বিভিন্ন এলাকায় এখনও সমস্যার সমাধান হয়নি বলে টোটো চালক ইউনিয়নগুলির অভিযোগ। এরই প্রতিবাদে বীরভূমের নলহাটি ও লোহাপুর এলাকায় টোটো চালকেরা বৈঠকে বসে টোটো ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ৪ ডিসেম্বর থেকে দুদিনের জন্য তাঁরা টোটো না চালিয়ে ধর্মঘটে সামিল।
চালকদের অভিযোগ, “টোটো চালিয়ে খুবই অল্প উপার্জন হয়। পেটের দায়ে এই গাড়ি চালাই। এখন রেজিস্ট্রেশনের জন্য প্রায় ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করতে হবে। চালকদের দাবি, রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত খরচ তাদের নাগালের বাইরে। তার উপরে রুট পরিবর্তন ও চলাচলে নতুন বিধি-নিষেধ জারি হওয়ায় তারা আরও সংকটে পড়েছেন। নলহাটি শহরের গোপালপুর, জগধরি, পাইকপাড়া-সহ বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে টোটো বন্ধ রাখেন চালকেরা। রাস্তায় টোটো না নামায় সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার। টোটো ইউনিয়নগুলির সদস্যদের বক্তব্য, “সরকার আমাদের সমস্যার দিকে নজর না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” রেজিস্ট্রেশন নিয়ে অচলাবস্থা ঘিরে যত দিন বাড়ছে, ততই বাড়ছে পরিবহণ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা। এখন দেখার—সরকারি হস্তক্ষেপে কত দ্রুত সমাধান হয় এই টোটো সংকট।

