
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ কিছু দুষ্কৃতী নিজেদের রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ওয়ার্ডে ঢুকে দাবি করে—রোগী মারা গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রাখছে। এমন গুজব খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছাড়ায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগী তখনও সম্পূর্ণ জীবিত ছিলেন এবং চিকিৎসা চলছিল। ঠিক সেই সময়ই অভিযুক্তরা চিকিৎসায় বাধা দিয়ে ডাক্তার-নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। কয়েক মিনিট ধরে চলে বিশৃঙ্খলা, আতঙ্কে পড়েন অন্যান্য রোগী ও তাঁদের পরিবার পরিজনেরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান,—পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে চাঁদাবাজির উদ্দেশ্যেই এই অশান্তি তৈরি করা হয়েছে। এমন অশান্তি এবং চাঞ্চল্যকর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং রোগীর চিকিৎসা স্বাভাবিকভাবে চলছে।

