
শম্ভুনাথ সেনঃ
২৩ ডিসেম্বর দিনটি “জাতীয় কৃষক দিবস” হিসেবে চিহ্নিত। অন্নদাতাদের আজ প্রণাম নিবেদন করার দিন। দেশ জুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপিত হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানানোর জন্য পালিত হয়।কৃষিনির্ভর ভারতবর্ষে কৃষকদের প্রতি সম্মাননা জ্ঞাপনের জন্য প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় কৃষক দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। এই দিনটি “কিষাণ দিবস” নামেও পরিচিত। রোদে পুড়ে জলে ভিজে কৃষকদের হাড়ভাঙা পরিশ্রম এবং অমূল্য অবদানের স্বীকৃতির জন্য নিবেদিত এটি একটি অপরিহার্য দিন। খাদ্য নিরাপত্তায় নিশ্চিতকরণ এবং দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষক সমাজ।কৃষকদের এই প্রচেষ্টাকে সম্মান জানাতে এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য। কৃষিক্ষেত্রে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে এই দিবস পালন বেশ তাৎপর্যপূর্ণ। কৃষি ও কৃষক কল্যাণে তাঁর অবদানের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরন সিং বিশেষভাবে পরিচিত। তাঁর জন্মদিনটি কৃষক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা উদযাপনের দিন হিসাবে বেছে নেওয়া হয়েছিল।
