বীরভূমের লাভপুরে শাসক তৃণমূলের হাত থেকে দখলমুক্ত হলো যাত্রী প্রতীক্ষালয়

শম্ভুনাথ সেনঃ

শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবং বিতর্ক উঠতেই শেষ পর্যন্ত বীরভূমের লাভপুর ব্লকের বিপ্রটিকুরি ও তাঁতবান্দী বাস স্টপেজে নির্মিত দু’টি সরকারি যাত্রী প্রতীক্ষালয় ফিরে পেল সাধারণ মানুষ। এই প্রতীক্ষালয় দুটি দখল করে শাসকদল তৃণমূল কংগ্রেস নিজেদের দলীয় কার্যালয় তৈরি করে নিয়েছিল। সরকারি ব্যয়ে সাধারণ মানুষের জন্য যাত্রী প্রতীক্ষালয় পার্টির কার্যালয় হিসেবে গড়ে তোলায় স্থানীয় লাভপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপির দলীয় কার্যকর্তারা৷ যাত্রী প্রতীক্ষালয়ে পার্টির কার্যালয় গড়ে তোলায় সাধারণ মানুষের মধ্যেও ছিল ফিশ-ফাস গুঞ্জন। উল্লেখ্য, বীরভূমের লাভপুর-বোলপুর রাস্তায় তাঁতবান্দি ও বিপ্রটিকুরী বাসস্টপেজে প্রতীক্ষালয় দুটিতে সাদা সবুজ রং করে তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন সহ মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবিতে সাজিয়ে তোলা হয় পার্টির দলীয় কার্যালয় হিসেবে। স্থানীয় বিজেপি নেতৃত্ব লাভপুর বিডিওতে লিখিত অভিযোগ জানায়। বিপ্রটিকুরী অঞ্চল সভাপতি সেখ ইসমাইল (মিঠু) গত পয়লা জানুয়ারী তৃণমূলের লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী উপস্থিতিতে তৃণমূলের দখল করা দলীয় কার্যালয় ঘটা করে উদ্বোধন করা হয় বলে সাংবাদিকদের জানান বিজেপির বিশ্বজিৎ মণ্ডল। যাত্রী প্রতীক্ষালয় দলীয় কার্যালয়ে পরিণত হওয়ায় সাধারণ মানুষ ছিল হতবাক। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত দলের টনক নড়ে। তাই পুনরায় সাদা রং করে যাত্রী প্রতীক্ষালয় হিসেবে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *