
উত্তম মণ্ডলঃ
গুটি গুটি পায়ে অষ্টম মান থেকে আজ দ্বাদশ শ্রেণীর উচ্চ বিদ্যালয়। রাজনগর ব্লকের এই বিদ্যালয়টি এখনো রয়ে গেছে তার গ্রামীণ চেহারায় শান্ত পরিবেশে। এলাকার ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক-অভিভাবিকাদের কাছে এক ভরসার নাম এই বিদ্যালয়। তাই এখনো অনেক অভিভাবক তাঁদের ছেলেমেয়েদের শহরের স্কুলে না পাঠিয়ে এখানে পাঠান অনেক আশায় বুক বেঁধে এবং বলা বাহুল্য, তাঁরা হতাশ হোন না কখনোই। বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশকে ধরে রেখেছেন শিক্ষক-শিক্ষিকা থেকে গ্রামের মানুষ।
সেই গর্বের বিদ্যালয়ে আয়োজিত হচ্ছে তিনদিন ধরে হীরক জয়ন্তী উপলক্ষে ৬০ তম বর্ষ উদযাপন। ২০জানুয়ারী থেকে ২২জানুয়ারী পর্যন্ত তিনদিন ধরে বিভিন্ন স্বাদের অনুষ্ঠান থাকছে এই উৎসবের অঙ্গ হিসেবে। নাচ-গান-আবৃত্তি-নাটক-আলোচনা-কবিগান থেকে নদীয়ার পুতুল নাচ–সব মিলিয়ে এক অনন্য স্বাদের ককটেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ডোম, অগ্রদূত সাধু, দীননাথ রুজ থেকে সব শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী-অভিভাবক এখন একজোট হয়ে অনুষ্ঠান সফল করার স্বপ্ন নিয়ে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন।
২০ জানুয়ারীর দুপুরেই শুরু হয়ে গেল অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বিভিন্ন বিশিষ্টজনেদের উজ্জ্বল উপস্থিতিতে
মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় অঙ্গন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সমাজসেবী রাণাপ্রতাপ রায়, মহম্মদ শরীফ, পরিমল সাহা, শিক্ষক শান্তিকুমার মুখোপাধ্যায় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জীবন মুখোপাধ্যায়, বর্তমান প্রধান শিক্ষক দিলীপ ডোম, ভূমিদাতা, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা-অভিভাবক-অভিভাবিকা, পরিচালন সমিতির সদস্য থেকে এলাকার বিভিন্ন বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সঙ্গীত, প্রাসঙ্গিক বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান।
