
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্যজুড়ে আজ ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। সারা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন। বীরভূম জেলাতেও ব্যাপক উৎসাহ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে। জেলার সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট তিনটি মহকুমাতেই আজ সকাল ১০:৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছে। জেলার প্রতিটি কেন্দ্রেই রয়েছে কড়া নজরদারি। পরীক্ষার্থীদের সহায়তায় জেলা প্রশাসন ও পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। উল্লেখ্য, এ বছরেও বীরভূম জেলায় মোট পরীক্ষার্থী ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬,৯৮০ জন। তাদের মধ্যে ছাত্রী ২৪,৭৩৯ জন, ছাত্র ২২,২৪১ জন। ছেলেদের তুলনায় ২,৪৯৮ জন বেশি মেয়ে এ বছর পরীক্ষা দিচ্ছে।

বীরভূমে মহকুমা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার বিচারে রামপুরহাট মহকুমা শীর্ষে রয়েছে। পরীক্ষা কেন্দ্রের বিন্যাস অনুযায়ী জেলায় মোট ১৩১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৬টি মেইন ভেন্যু এবং ৯৫টি সাব-ভেন্যু রয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি এবং পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর নিয়ে হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে পরীক্ষা বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ।
সকাল থেকেই বীরভূমের সিউড়ি বেণীমাধব স্কুল, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, ইলামবাজারের ঘুড়িষা, শ্রীপুর হাইস্কুল এর মতো কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

