
শম্ভুনাথ সেনঃ
শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর ৫৫৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ৩১ জানুয়ারী বীরভূমের বীরচন্দ্রপুর নিতাইবাড়িতে ভক্তের ঢল নামে। দেশ-বিদেশের বৈষ্ণব ভক্ত-পুণ্যার্থীরা ছুটে আসেন বীরভূমের এই বীরচন্দ্রপুরে। উল্লেখ্য, বীরভূমের পর্যটন মানচিত্রে একটি বৈষ্ণব তীর্থক্ষেত্র রূপে চিহ্নিত বীরভূমের “বীরচন্দ্রপুর” ‘নিতাই বাড়ি’। আজ থেকে ৫৫৩ বছর পূর্বে এমন এক মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে এই গ্রামেই জন্মেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অহিংস আন্দোলনের পুরোধা পুরুষ ‘নিত্যানন্দ প্রভু’। উল্লেখ্য, পরবর্তীতে প্রভুর পৈতৃক বাড়িটি “নিত্যানন্দ জন্মস্থান সেবামণ্ডল” তথা ‘নিতাই বাড়ি’ রূপে সারা পৃথিবীর বৈষ্ণব সমাজের কাছে সমাদৃত হয়েছে। ২৮ জানুয়ারী থেকে ১ লা ফেব্রুয়ারি প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি উৎসব ঘিরে বীরচন্দ্রপুর ছিল উৎসবে মাতোয়ারা। এই ক’দিন ধরে প্রভুর জন্মলীলা স্মরণ, পূজা-পাঠ, নাম সংকীর্তন, সারস্বত সম্মেলন, হাজার হাজার পুর্ণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় “নিত্যানন্দ ত্রয়োদশী”। আবির্ভাব তিথি উৎসবকে কেন্দ্র করে পাঁচ দিনের নানা অনুষ্ঠান কথা জানিয়েছেন নিতাই বাড়ির এক সদস্য অয়ন ব্যানার্জি। এই উৎসব উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। বহিরাগত ভক্ত পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য শিবির সহ স্থানীয় দুঃস্থদের মধ্যে বস্ত্র দানের আয়োজন করা হয়। পাশাপাশি ইসকন মন্দিরেও নামে ভক্তের ঢল।

