স্থানীয় মেলায় পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ বড়রা হরিজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

সেখ রিয়াজুদ্দিনঃ

“মা গো আমায় ছুটি দিতে বল,/সকাল থেকে পড়েছে যে মেলা,/এখন আমি তোমার ঘরে বসে-/করব শুধু পড়া পড়া খেলা”- কবি শিশুর মনের ভাব প্রকাশ করেন কবিতার মাধ্যমে। সত্যিই বাড়ির সামনে বা আশেপাশে মেলা বসবে অথচ সেখানে না যাওয়ার আক্ষেপ থেকে যায়। কচিকাঁচাদের মনের বাসনা পূরণের লক্ষ্যে এগিয়ে এলেন শিক্ষক মন্ডলী। দলবদ্ধভাবে নিয়ে গেলেন মেলায়। সেখানে টয় ট্রেনের মধ্যে চড়ে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। এছাড়াও জাম্পিং করা সহ অন্যান্য জিনিসপত্র দেখা শোনা, মেলায় ঘুরাঘুরি, মিষ্টি খাওয়া ইত্যাদির আনন্দে মাতোয়ারা তৃতীয় শ্রেণির ছাত্রী সোনালী খাতুন, চতুর্থ শ্রেণির ছাত্রী রিয়া বাউরি সহ তাদের স্কুল থেকে মেলায় আগত সমস্ত পড়ুয়াদের মধ্যে আনন্দের ছোঁয়া। জানা যায় খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার বড়রা গ্রামে ঝড়ে শ্মশান মেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত চারদিন আগে ২৭ তম বড়রা ঝড়ে শ্মশান মেলার উদ্বোধন হয়। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল মেলার শেষ দিন। মেলার স্বাদ, আনন্দ, প্রবন্ধ বা রচনা লেখার ক্ষেত্রে চাক্ষুষ অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে বিদ্যালয়ের ২৩০ জন পড়ুয়া তথা কচিকাঁচাদের নিয়ে পাঁচজন সহকারী শিক্ষক সহ বড়রা হরিজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল হক কাদেরী শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ গ্রহণ করেন। সেই মোতাবেক এদিন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পায় কচিকাঁচাদের চোখে মুখে। শিক্ষকদের এরূপ কর্মসূচির জন্য পড়ুয়াদের অভিভাবক সহ স্থানীয় গ্রামবাসী শিক্ষকদের সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *