
শম্ভুনাথ সেনঃ
শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় আদিবাসীদের জমি দখল করে নেওয়ার অভিযোগে ৮ ফেব্রুয়ারি উত্তাল হয়ে ওঠে বীরভূমের বল্লভপুর এলাকা। জমি ফিরে পেতে আদিবাসী জীবন-জীবিকা ও ভূমি রক্ষা কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে দখল হয়ে যাওয়া জমির পিলার ভেঙে দেন বিক্ষোভকারীরা ৷ তাদের অভিযোগ, আদিবাসীদের জমি, জাহের থান সহ শ্মশান পর্যন্ত দখল করে নিয়েছে জমি মাফিয়ারা৷
এদিন শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুরের খেলেডাঙা গ্রামে আদিবাসীদের বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ ওঠে। জমি মাফিয়ারা এই জমি দুবাইয়ের এক ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে বলে তারা জানতে পারেন। দিন পনেরো আগেই কংক্রিটের পিলার ও কাঁটাতার দিয়ে তা ঘিরে ফেলা হয়েছে ৷ এরই প্রতিবাদে এদিন খেলেডাঙা মাঠে একটি সভা করে আদিবাসী জীবন-জীবিকা ও ভূমি রক্ষা কমিটি ৷ হাতে তীর-ধনুক, কুঠার, ধামসা-মাদল নিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ পরে দখল হয়ে যাওয়া জমিতে গিয়ে কংক্রিটের পিলার উপরে ফেলে দেয় বিক্ষোভকারীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় শান্তিনিকেতন থানার পুলিশ৷ স্থানীয় আদিবাসী গ্রামের মোড়ল জীবন মুর্মু বলেন, “পরিকল্পিতভাবে আমাদের জমি, জাহের থান, শ্মশান দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। বাইরের লোককে এইসব জমিগুলো বিক্রি করে দিচ্ছে ৷ প্রশাসন নীরব। আমাদের জমি উদ্ধারের জন্য আমাদের লড়াই আমাদের বিক্ষোভ আমরা চালিয়ে যাব।”
আদিবাসী সংগঠনের নেতা তথা শিক্ষক শিবু সরেন বলেন, “পরিকল্পিত ভাবে আদিবাসীদের জমি নকল দলিল বানিয়ে বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা। তারই বিরুদ্ধে আমাদের বিক্ষোভ আন্দোলন। জমি ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে”।

