
সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি রাজ্যের বিজেপি বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়, হজরত মুহাম্মদ ও কোরআন শরীফ নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে সমগ্র রাজ্যের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন গর্জে ওঠে এবং থানায় থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘু তথা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানিমূলক, প্ররোচনা মূলক এবং অসংবিধানিক ও অশালীন মন্তব্য করে থাকেন। এবারও তিনি অসংবিধানিক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের একবার গর্জে ওঠে জমিয়তে উলামায়ে হিন্দ। রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি থানা এলাকায় আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের তথা থানায় ডেপুটেশন প্রদান কর্মসূচী ঘোষণা করা হয়। সে হিসেবে বীরভূমের দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয় জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান এক সাক্ষাৎকারে বলেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি হযরত মাহমুদ মাদানী এবং রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর নির্দেশ অনুযায়ী জেলার প্রতিটি থানা এলাকায় হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। অভিযোগ পত্রটি আমরা ওসির মাধ্যমে এসপি, ডিজির হাত দিয়ে প্রশাসনিক নিয়ম অনুযায়ী রাষ্ট্র সংঘ পর্যন্ত অভিযোগ বার্তা পৌঁছে দিতে চাই। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও আবেদন করা হয়। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর চেয়ার সাংবিধানিক কিন্তু তার বক্তব্য অসাংবিধানিক। উনার বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে। আমাদের সংগঠনের কেন্দ্র ও রাজ্য সভাপতির নির্দেশ সংগঠনের অল্প সংখ্যক লোকজন নিয়ে থানায় থানায় ডেপুটেশন প্রদান করা। জনসাধারণের জন্য কোথাও কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখা। পাশাপাশি আইনগতভাবেই এর উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। গণতন্ত্র দেশে এটা মেনে নেওয়া যায় না এখানে সুশীল সমাজ বসবাস করেন। বাংলা শান্তি সম্প্রীতির পিঠস্থান। মুখ্যমন্ত্রীর আক্রমণাত্মক ভাষণের তীব্র ধিক্কার জানাই। সেই সাথে বলেন মানুষের পাশে থাকুন, দেশের পাশে থাকুন, জাতির পাশে থাকুন, আদর্শ নাগরিকের পরিচয় দেন, না হলে কোনো সম্প্রদায়ের মানুষজন আপনাদের পাশে থাকবে না।

