
শম্ভুনাথ সেনঃ
চাকরির দাবিতে বিজেপির স্লোগান “চাকরি চায়, বিজেপি তাই”! বীরভূমের বোলপুরে আজ ১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেকার যুবক যুবতীদের নিয়োগের দাবিতে চাকরি চায় বাংলা শীর্ষক কর্মসূচিতে যোগ দেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে ‘চাকরি চায় বাংলা’ নামে ভারতীয় জনতা যুব মোর্চার একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঁচ লক্ষ চিঠি পাঠানো হবে ৷ এদিন এই কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খাঁ অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে বিজেপির হয়ে ভোট করানোর পরামর্শ দেন৷ পাশাপাশি তোপ দাগেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের ফায়জুল হক ওরফে কাজল শেখের বিরুদ্ধে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। তিনি জানান, যেখানে অনুব্রত মণ্ডলের মেয়ের চাকরি গিয়েছে, সেখান থেকেই বোঝা যায় নিয়োগ প্রক্রিয়ায় কতটা দুর্নীতি হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, ডেউচা-পাঁচামিতে কয়লা ও পাথর সঠিকভাবে উত্তোলন হলে বীরভূমের ছেলে-মেয়েদের আর বাইরে কাজের খোঁজে যেতে হতো না। জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। সৌমিত্র খান আরও অভিযোগ করেন, অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিনহা পুরোপুরি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। দিনে রাতে ইডি সিবিআই তাদের বাড়িতে হানা দেওয়ায় তার প্রধান প্রমাণ। বীরভূমে চলা ট্রাকগুলিতে ভুয়ো চালান বন্ধ করে সঠিকভাবে রাজস্ব আদায় হলে বীরভূমের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি বদলে যেত। বীরভূমে পুরোপুরি চোরদের শাসন চলছে বলে মন্তব্য করেন তিনি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা।

