বাবার মৃতদেহ ফেলে রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো মেয়ে

শম্ভুনাথ সেনঃ

বাবার মৃতদেহ ফেলে রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো মেয়ে। আজ ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের ইলামবাজার ব্লকের বাতিকার গ্রাম পঞ্চায়েতের ইক্ষুসারা গ্রামের আজিজা খাতুন। উল্লেখ্য, এক সপ্তাহ ধরে পায়ের যন্ত্রণা নিয়ে ইক্ষুসারা গ্রামের বাসিন্দা সেখ আজাদকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি হতে থাকলে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ ১৩ ফেব্রুয়ারি সকালে সেখানেই তার মৃত্যু হয়। তাঁর মেয়ে আজিজা খাতুন এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। গ্রাম জুড়ে শোকের ছায়া। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়ে আজিজা। কিন্তু তাতেও দমে যায়নি বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠ স্কুলের এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে ইলামবাজারের চুনপলাশী উচ্চ বিদ্যালয়ে। কাকা সেখ মোজাম্মেল হক বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে এই ছাত্রী আজিজা খাতুনকে। এদিন সেখানে শোক, যন্ত্রণা, অনুশোচনা ভুলে তাকে জীবনের বড় পরীক্ষায় বসতে দেখা যায়। তার এমন সাহসিকতার প্রশংসা করেছেন স্কুলের শিক্ষকরা। আত্মীয় পরিবার পরিজন ও গ্রামের মানুষ তাকে আশীর্বাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *