বিশ্ব শান্তি মৈত্রী মহাযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে বীরভূমের গীতাভবনের ৪০ বছর পূর্তি উৎসব ও “পার্থসারথি মেলা” আজ শেষ হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের খয়রাশোল ব্লকের চৈতন্যপুর গীতাভবনের ৪০ বছর পূর্তি উৎসব ও “পার্থসারথি মেলা-২০২৬” আজ ১৩ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এদিন গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ সহ মোট ১৮ জন পুরোহিত গীতা পাঠের পর যজ্ঞাহুতি দেন। গীতা মহাযজ্ঞের পূর্ণাহুতি দেখার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়। গীতার শ্লোক এবং বাসুদেবের জয়ধ্বনিতে আন্দোলিত হয় গীতাভবনের আকাশ বাতাস। উল্লেখ্য, ১৩৯৩ বঙ্গাব্দ থেকে গীতা প্রচার কেন্দ্র হিসেবে গীতাভবনের পথচলা শুরু হয়েছে। তখন থেকে চলছে অখন্ড হরিনাম।

এবার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২৬ জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারি ১৮ দিন ধরে আশ্রমের পার্থসারথী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ গীতাভবনের পথ চলার ইতিহাস তুলে ধরেন। বীরভূমে বছরভর অন্তত ২০০ টি মেলা অনুষ্ঠিত হলেও পার্থসারথী মেলা একমাত্র গীতাভবনে অনুষ্ঠিত হয়। ১৮ দিন ধরেই গীতা আলোচনা, গীতা জয়ন্তী, কীর্তন ও বাউল ও কবিগান, ধর্মসভা, সাহিত্য সভা এবং সেই সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা বিকি কিনির সাথে প্রতিদিনই ছিল হাজার হাজার ভক্ত সেবার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *