বীরভূমের অন্যতম শৈবক্ষেত্র তথা সতীপীঠ বক্রেশ্বরে মহাশিবরাত্রি উপলক্ষে শুরু হয়েছে ৫ দিনের মেলা

শম্ভুনাথ সেনঃ

আজ মহা শিবরাত্রি। প্রতিবছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি উৎসব। সকাল থেকেই সারাদেশের সাথে বীরভূম জেলার বিভিন্ন শিব মন্দিরগুলিতেও ভিড় জমিয়েছেন শিব ভক্তরা।

শাস্ত্র মতে মহা শিবরাত্রিতে শিব পার্বতীর মিলন এর প্রতীক হিসেবে বিশ্বাস করা হয়। পঞ্চপীঠ বীরভূমের অন্যতম সতীপীঠ তথা শৈবক্ষেত্র বক্রেশ্বর সেজে উঠছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি পাঁচ দিনের “বক্রেশ্বর মেলার” উদ্বোধন হয়েছে। যদিও আগের মত বক্রেশ্বর মেলা নেই। তবুও বেশ ক’বছর ধরে সরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাশিবরাত্রি উদযাপিত হচ্ছে। আজ ১৫ ফেব্রুয়ারি বাংলা ২রা ফাল্গুন দুপুর থেকে হাজার হাজার ভক্ত পুর্ণ্যার্থীদের সমাগম ঘটেছে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য।

উল্লেখ্য, মহা শিবরাত্রি হল হিন্দু সম্প্রদায়ের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। বিশেষ করে শিবচতুর্দশীর দিনে সকল মহিলারা উপবাস থেকে শিবরাত্রি উদযাপন বহু প্রাচীন প্রথা। জেলার কলেশ্বর, পাহাড়েশ্বর, মল্লেশ্বর, খগেশ্বর, রাখড়েশ্বর এমন বিভিন্ন শৈব ক্ষেত্রগুলিতেও ভক্তদের ঢল নেমেছে। বীরভূমের বক্রেশ্বরে সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। এক পুরোহিত জানিয়েছেন আজ রবিবার শিবচতুর্দশী তিথি বিকেল ৪টা ৪৮ মিনিট ১ সেকেণ্ড গতে শুরু হয়েছে। সোমবার প্রায় সারাদিনই থাকবে, শেষ হবে ৫ টা ৩২ মিনিট ২৪ সেকেন্ডে। এই চতুর্দশী তিথি শুরু হতেই পুজোতে বসবেন পুরোহিতরা। দর্শনার্থীদের জন্য সারারাত মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে। থাকবে প্রশাসনিক কড়া ব্যবস্থা। গতবারের মতো এবারও প্রচুর ভক্তের ভিড় জমেছে বক্রশ্বর শৈব ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *