বীরভূমের সিউড়ি ইয়ং নাট্য সংস্থার স্বপ্ন বুননের ২৫ বছর: সাড়ম্বরে রজত জয়ন্তী উদযাপন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি ইয়ং নাট্য সংস্থার পথ চলার ২৫ বছর। এবছর ২০২৬ এ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের নানা অনুষ্ঠান আয়োজিত হয় সিউড়ি স্টেক গার্ডেন অঙ্গন মঞ্চে। ‘স্বপ্ন বুননের ২৫ বছর’ শীর্ষক এই অনুষ্ঠানে পড়ন্ত বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সিউড়ি শহর পরিক্রমা করে। ইয়ং নাট্য সংস্থার কচিকাঁচারা বিভিন্ন নাটকের চরিত্র সেজে ও বিভিন্ন প্রাদেশিক নৃত্যের আদলে নৃত্য শিল্পীদের যোগদান এই শোভাযাত্রায় আলাদা মাত্রা আনে। এদিন ফাগুন সন্ধ্যায় মশালে আগুন প্রজ্জ্বালনের মাধ্যমে রজত জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধন করেন পটশিল্পী লালটু পটুয়া। অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট লোকশিল্পী রতন কাহার। প্রতিবছরের মতো এ বারও দুই কৃতি শিল্পীকে “ইয়ং সম্মাননা-২০২৬” প্রদান করা হয়। সেই তালিকায় ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক তথা পট শিল্পী লালটু পটুয়া এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় (বিশেষ কারণবশত তিনি অনুপস্থিত ছিলেন)। পট শিল্পী লালটু পটুয়া কে “ইয়ং সম্মাননা ২০২৬” তুলে দেন প্রধান অতিথি বীরভূমের গর্ব মাটির মানুষ রতন কাহার।


রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে ইয়ং নাট্য সংস্থা এদিন লোকো উৎসব পালন করে। পরিবেশিত হয় ঘোড়ার নৃত্য, সাঁওতালি নৃত্য, মহিলা ঢাকি দলের নৃত্য, মুখোশ নৃত্য ও লোক সংগীত। সবশেষে পরিবেশিত হয় ইয়ং নাট্য সংস্থা প্রযোজিত ও পার্থ প্রতিম দাসের ভাবনা ও পরিকল্পনায় একটি স্পেস ভিত্তিক নাট্যিক উপস্থাপনা “ফিনিক্স নিরন্তর”। শিল্পী নিতাই ভাণ্ডারীর ভাবনায় অনুষ্ঠান অঙ্গনটি লোকো আঙ্গিকের আদলে সেজে ওঠে। সারা অনুষ্ঠান জুড়ে দর্শক আসন ছিল পরিপূর্ণ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট দুই বাচিক শিল্পী তথা শিক্ষক সন্দীপন রায় ও প্রতাপ সিংহ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *