
শম্ভুনাথ সেনঃ
নিজের বাড়ি থেকে এক গৃহবধূর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। মৃতার নাম চায়না মণ্ডল গড়াই (৪০)। ঘটনাটি ঘটেছে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বীরভূমের দুবরাজপুর পুরশহরের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁর বাড়ি থেকেই রক্তমাখা দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়েছে। চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ছিল গভীর ক্ষতের চিহ্ন। ঘরের ভিতরেও চারিদিকে রক্ত ছড়িয়ে ছিল। খুনের ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তার স্বামী গৌতম গড়াই সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর মৃতদেহ পড়ে আছে। তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে যথাশীঘ্র ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে খুন ও কে বা কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযুষ পাণ্ডে। তিনি জানান খুনীরা নিশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। পুলিশ সঠিক তদন্ত করে আসামীকে গ্রেপ্তার করুক বলে তিনি দাবি তোলেন।দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়। তা সামাল দিতে স্থানীয় থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকার মানুষের জোরালো দাবির ভিত্তিতে আজ পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি চালানো হয়। তবে এ পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই।
