হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বীরভূমের লাভপুর নাট্যম নৃত্যগোষ্ঠীর উদ্যোগে সিনেমা প্রদর্শন

শম্ভুনাথ সেনঃ

২০২৫ এর শেষ দিনে ৩১ ডিসেম্বর এক অনন্য সাংস্কৃতিক উদ্যোগের সাক্ষী থাকল বীরভূমের লাভপুর। হারিয়ে যেতে বসা বড় পর্দার সিনেমা দেখার ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলতে নাট্যম নৃত্যগোষ্ঠীর উদ্যোগে লাভপুরের ঐতিহ্যবাহী “ফুল্লরা সিনেমা” হলে প্রায় ১০০ জন দর্শক একত্রিত হয়ে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘প্রজাপতি টু’ উপভোগ করেন। উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক সিনেমা হল একসময় পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র ছিল। তখন গরুর গাড়িতে টোপর বেঁধে সিনেমা দেখতে আসতেন দর্শকেরা। কিন্তু আধুনিক মোবাইল ও টেলিভিশনের যুগে বড় পর্দার সেই সংস্কৃতি আজ প্রায় বিলুপ্তির পথে। এই পরিস্থিতিতে সিনেমা হলের কর্ণধার আশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও নাট্যম নৃত্যগোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত মণ্ডলের ব্যবস্থাপনায় অন্তত ১০০ জন কচিকাঁচা শিল্পী ও তাঁদের অভিভাবকরা সিনেমা হলে এসে ভিড় জমান। এই উদ্যোগের মূল লক্ষ্য—সিনেমা হলকেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনা। সিনেমা হলের কর্ণধার আশিস বন্দ্যোপাধ্যায় এবং নাট্যম নৃত্যগোষ্ঠীর এই প্রয়াস লাভপুরবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। এমন ভাবনা হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার পথে অবশ্যই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *