
উত্তম মণ্ডলঃ
মেঘলা আকাশ চিরে মেঘ ভাঙা বৃষ্টির মধ্যেই জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে আনুষ্ঠানিকভাবে শেষ হলো তিনদিনের ফুটবল প্রতিযোগিতা। রাজনগর ফুটবল একাডেমির পরিচালনায় ডাকবাংলো ফুটবল মাঠে তিন দিনের আয়োজিত চূড়ান্ত পর্যায়ের খেলাটি হয় ৭ আগস্ট বিকেলে। এই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় জয়ী হয় আর বি এফ সি খয়রাসোল ফুটবল দল এবং অন্যদিকে বিজিত ঘোষিত হয় পাশের রাজ্য ঝাড়খণ্ডের কুণ্ডহিত থানার জুনিয়র বয়েজ দল। রাজনগরের ব্যবসায়ী প্রয়াত গৌরহরি গরাঁই উইনার্স এবং বিশিষ্ট ব্যক্তি তথা প্রাক্তন ব্যাঙ্ককর্মী প্রয়াত সারথী বাগ্দী রানার্স আপ মেমোরিয়াল টুর্ণামেন্ট, ২০২৩ আয়োজন করা হয়েছিল রাজনগর ফুটবল একাডেমির তরফে। চূড়ান্ত পর্যায়ের খেলায় মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে হাজির ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ঝাড়খণ্ড, জামতাড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ মুস্তাক, এলাকার বিশিষ্ট ফুটবলার কাজী ফিরোজ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নিশীথ গরাঁই, মহঃ শরিফ, আবু বক্কর, সেখ কাবুল, অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল মণ্ডল, গাফ্ফার খানসহ এলাকার বিশিষ্টজনেরা। পরিচালকদের তরফে কাজী রাজা, কাজী দোয়েল, তফেজুল খান সহ অন্যান্য সহযোগীদের ভূমিকা প্রশংসার দাবি রাখে৷ খেলা শেষে এই সব বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কৃতিদের হাতে তুলে দেওয়া হয় ঘোষিত পুরস্কার। পাশাপাশি আয়োজকদের তরফে চলতি বছরের এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে খেলার মাঠে হাজির ছিলেন উৎসাহী দর্শকরা।
