বীরভূমের রামপুরহাটে দেওয়াল চাপা পড়ে এক আদিবাসী মহিলার মৃত্যু

শম্ভুনাথ সেনঃ

দেওয়াল চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক আদিবাসী মহিলা। ঘটনাটি ঘটেছে আজ ৭ আগস্ট দুপুরে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের সুফলকুড়ি গ্রামে। একটানা অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। সেই ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়ে মাইতি টুডু নামে বছর ৩৬ এর এই মহিলার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে মাইতি টুডু ও তাঁর মেয়ে উঠানে ছিলেন। লাগাতার বৃষ্টির কারণে আচমকা তাদের ওপর মাটির বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে। ভাগ্যক্রমে মেয়েটি রক্ষা পেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।
দুর্ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা ভিতরে ছিলেন। তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাইতি টুডুকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফিরিয়ে এনে সম্পন্ন হবে শেষকৃত্য। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *