বীরভূমের বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে প্রাকৃতিক উপকরণ নিয়ে রাখি তৈরীর কর্মশালা

শম্ভুনাথ সেনঃ

রাত পোহালেই “রাখি বন্ধন উৎসব”। সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। ভাই-বোনের মধ্যে ভালবাসা এবং সুরক্ষার বন্ধন দৃঢ় করার জন্য পালিত বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতের কব্জিতে রাখি (পবিত্র সুতো) বাঁধে, যা ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে। বিনিময়ে ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং উপহার দেয়। এই উৎসব ভাই ও বোনের সম্পর্ককে দৃঢ় করা এবং ভালোবাসার এক পবিত্র উৎসব। রাখি পূর্ণিমা উপলক্ষে বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের এর ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ নিয়ে নিজ হাতে রাখি তৈরিতে ব্যস্ত এখন।

প্রধান শিক্ষকের উদ্যোগ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আজ ৭ আগস্ট বিদ্যালয় অঙ্গনে শুরু হয়েছে রাখি বানানোর কর্মশালা। আগামীকাল রাখি পূর্ণিমা উপলক্ষে বৃক্ষরোপণ উৎসবে স্কুলের প্রতিটি গাছে চন্দন ও রাখি পরানো হবে বলে প্রধান শিক্ষক প্রশান্ত দাস জানিয়েছেন। বিদ্যালয়ের কর্মশিক্ষার শিক্ষক প্রবীর কুমার মুখার্জী সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের নিয়ে এই কর্মশালায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রাখি তৈরি করার প্রশিক্ষণ দেন। উপকরণ হিসেবে খেজুরের পাতা, তালগাছের পাতা এবং বিদ্যালয়ের বিভিন্ন গাছ-গাছলীর পাতা ও ফুল, সাথে কিছুটা আঠা, রঙিন কাগজ-কাপড় পুঁতি, উল,সুতো ইত্যাদি ব্যবহার করে উৎসাহের সঙ্গে রাখি তৈরিতে হাত লাগায় ছাত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *