আগামীকাল থেকে বীরভূমেও শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ “SIR”

শম্ভুনাথ সেনঃ

SIR একটি সম্মানসূচক সম্বোধন। তবে ইদানিং যে “SIR” নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তার পূর্ণাঙ্গ রূপ হলো “Special Intensive Revision” অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন, যা একটি ভোটার তালিকা উন্নত করার প্রক্রিয়া।
ভারতের নির্বাচন কমিশন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এস আই আরের ঘোষনা করেছে। অন্য রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া গুজরাত, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরী, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ভোটার তালিকাকে আরো স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতেই এই বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে। দ্বিতীয় দফার এস আই আরের আওতায় আসবেন ৫১ কোটির বেশী ভোটার। এ রাজ্যে আগামীকাল ৪ নভেম্বর এসআই আর কর্মসূচি শুরু হবে। চলবে এক মাস। ২০২৬ এর ৭ ফেব্রুয়ারী প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
বীরভূমের ইলামবাজার রটন্তী অনুষ্ঠান ভবনে বি এল ও দের নিয়ে আজ ৩ নভেম্বর একটি এসআইআর সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ ইলামবাজার ব্লকের বিভিন্ন অঞ্চল ও বুথ স্তরের কর্মীরা। এখানে প্রজেক্টর দিয়ে বিভিন্ন পদ্ধতিতে ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম কর্মীদেরকে বোঝানো হয় এবং সঠিক পদ্ধতিতে পরিবারে গিয়ে কিভাবে কাজ করবে তারই এক সঠিক বার্তা উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে কর্মীদের সামনে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *