
শম্ভুনাথ সেনঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বীরভূম জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বড়সড় পরিবর্তন আনল ভারতের নির্বাচন কমিশন। জেলার বর্তমান পুলিশ সুপার আমনদীপকে তাঁর পদ থেকে সরিয়ে বীরভূমের নতুন পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হলো ২০১১ ব্যাচের অভিজ্ঞ আইপিএস আধিকারিক সূর্য প্রতাপ যাদবকে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কমিশনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নয়া পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বীরভূম জেলার ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। ইতিপূর্বে তিনি বোলপুর মহকুমার এসডিপিও (SDPO) হিসেবে দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। ফলে জেলার আনাচ-কানাচ যেমন তাঁর নখদর্পণে, তেমনই স্পর্শকাতর এলাকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও তাঁর স্বচ্ছ ধারণা রয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের এই উত্তপ্ত সময়ে বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলার রাশ ধরার জন্য সূর্য প্রতাপ যাদবের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে নির্বাচন কমিশন। তাঁর এই পুরনো অভিজ্ঞতা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে।
