নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
১৪ ডিসেম্বর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগে (OPD) এক রোগীর প্রেসক্রিপশন ছেঁড়া ও হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিউড়ির বাসিন্দা শেখ ইসমাইল অর্থোপেডিক চিকিৎসকের কাছে দেখাতে এসে এক্স-রে রিপোর্ট নিয়ে পুনরায় গেলে তাঁকে অপেক্ষা করতে বলা হয়। এ নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় এক পুলিশকর্মী রোগীর সঙ্গে দুর্ব্যবহার করে তাঁর প্রেসক্রিপশন ছিঁড়ে দেন। ঘটনার প্রতিবাদে রোগী ও তাঁর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও অভিযুক্ত পুলিশকর্মী অভিযোগ অস্বীকার করেছেন।
