
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর নাগরিক সমিতির উদ্যোগে গড়ে উঠবে মাধ্যমিক বিদ্যালয়। আজ ১৫ ডিসেম্বর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে তারই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দুবরাজপুর সংলগ্ন পণ্ডিতপুরে সমিতির নিজস্ব জায়গায়। ঠাকুর সত্যানন্দদেবের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মুখকথা পরিবেশন করেন নাগরিক সমিতির সাধারণ সম্পাদক চিকিৎসক শ্যামাপ্রসাদ মিশ্র। উল্লেখ্য, দুবরাজপুর নাগরিক সমিতি এই অরাজনৈতিক সংগঠনটি নানা জনকল্যাণমূলক পরিষেবা নিয়ে ১৯৯৫ সাল থেকে তার পথ চলা শুরু করে। বর্তমানে নাগরিক সমিতির পরিচালনায় সত্যানন্দ শিশুভারতী বিদ্যাপীঠে ছাত্র-ছাত্রীর সংখ্যা অন্তত ১,২০০। এলাকার মানুষের পরামর্শ, সাহায্য এবং সহযোগিতা নিয়ে তারা বেশ কয়েক বছর ধরে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের স্বপ্ন দেখছে। আজ এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. পার্থসারথি মুখোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, বিশিষ্ট বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ, সরকারি আধিকারিক দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, বিশিষ্ট অধ্যাপক ড. রবিন ঘোষ সহ এলাকার বহু শিক্ষা অনুরাগী মানুষজন। এদিন বিভিন্ন বক্তা বিদ্যালয়ের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। চিকিৎসক শ্যামাপ্রসাদ মিশ্র ১৫ লক্ষ টাকা এবং ড. বিশ্বজিৎ রুজ ৩ লক্ষ টাকা বিদ্যালয়ের নির্মাণ কার্যে দান করার প্রতিশ্রুতি দেন। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে শংসাপত্র সহ স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। সমিতির সভাপতি আল আফতাবের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সত্যানন্দ শিশু ভারতীর অধ্যক্ষ নূপুর চক্রবর্তী।

